আগের ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে ইতালি জানিয়েছিল, এবার প্রস্তুত হয়েই এসেছে তারা। গতকাল সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের মাঝমাঠ এবং আক্রমণের ধার তো প্রমাণ করেছেই, সঙ্গে প্রথম দল হিসেবে ‘এ’ গ্রুপ থেকে ইউরোর নকআউট পর্বে পা রেখেছে রবার্তো মাঞ্চিনির শিষ্যরা। এ নিয়ে টানা ১০ ম্যাচে অপরাজিত ইতালি।
মাঠে আধিপত্য কিভাবে বজায় রাখতে হয়, সেটি আরেকবার প্রমাণ করে ইতালি ১৩টি শট নিয়েছে গোলের উদ্দেশ্যে, তবে লক্ষ্যে ছিল তিনটি। আর তিনটিতেই গোল আদায় করেছেন ম্যানুয়েল লোকাতেল্লি এবং চিরো ইমোবিলে। আধিপত্য ধরে রাখার লড়াইয়ের প্রথমার্ধে ১৯তম মিনিটে ইতালির অধিনায়ক জর্জো কিয়েলিনি ডি বক্সে বল পেয়ে গোল করেন। তবে সমর্থকদের আনন্দ মাটি করে দেয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি, কারণ, লাফানোর সময় তার হাতেই বল লেগেছিল। তবে ২৬তম মিনিটে ডমিনিকো বেরার্দির কাছ থেকে পাস পেয়ে একরকম যুদ্ধ করেই লোকাতেল্লিকে পাস দেন সাসুয়েলো। তখন লোকাতেল্লির সামনে কেউ নেই, অনায়াসে জালে বল জড়িয়ে উচ্ছ্বাসে ভাসে ইতালি।
প্রথমার্ধের প্রথম গোলের পর সুইজারল্যান্ড কিছুটা রক্ষণাত্মক খেললেও দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টায় বল দখলে রেখেছিলেন শাকিরিরা। তবে ৫২তম মিনিটে নিকোলা বারেল্লার পাসকে দুর্দান্ত শটে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন লোকাতেল্লি, সঙ্গে ব্যবধান বাড়িয়ে দ্বিগুণ করেন। এরপর সুইজারল্যান্ড পরপর দুটি আক্রমণ করেন ৬৪তম মিনিটে, যা গোলরক্ষক জানলুইজ দোনারুমা বেশ দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন। সব শেষে লাৎজিও ফরোয়ার্ড ইমোবিলে গোল করে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন।
আগামী ম্যাচে ওয়েলসের বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইতালি। নকআউটে এমন বাজিমাত করতে পারেন কি না, লিওনার্দো বোনুচ্চিরা, সেটিই দেখার বিষয়।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 
























