রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এছাড়া নতুন ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় নওগাঁর একজন, করোনা উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর একজন করে এবং করোনা নেগেটিভ হয়েও নওগাঁর একজন মারা গেছেন।
তিনি আরো জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৮৫ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।
এর আগে, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 
























