বিশ্বকাপ বাছাইপর্বে আবারও হোচট খেল আর্জেন্টিনা। তাদেরকে রুখে দিয়েছে প্যারাগুয়ে। গোলশূন্য ড্র করে ছিনিয়ে নিয়েছে মূল্যবান পয়েন্ট। পয়েন্ট হারালেও এখনো অপরাজিত রয়েছে আর্জেন্টিনা।
গতকাল বৃহস্পতিবার রাতে আসুনসিওনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা বেশ চমৎকার খেলা উপহার দিয়েছে। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আকাশী-নীল বাহিনী। মেসি ও ডি মারিয়াদের থামাতে হিমশিম খায় প্যারাগুইানরা। সুযোগও সৃষ্টি করেছিল উভয় অর্ধে। তিন মিনিটের মধ্যেই দু’বার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিলো তাদের সামনে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি আর্জেন্টিনার।
পাল্টা আক্রমণে আর্জেন্টাইন শিবিরকে পরীক্ষায় ফেলেছে প্যারাগুয়ে। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের বাধা টপকানো হয়নি তাদের। বল দখল এবং অন টার্গেট শটে এগিয়ে থাকলেও জালের ঠিকানা খুঁজে পায়নি আর্জেন্টিনা।
দলটির হয়ে গোলের প্রথম মোক্কম সুযোগ হাতছাড়া করেছেন জোয়াকিন কোরেয়া। তিনি গোলাপোস্টে শটও নিয়েছিলেন। কিন্তু শুধুমাত্র জোরের সঙ্গে বলে স্পর্শ লাগিয়ে বলটির গতিপথ ঘুরিয়ে দিতে সক্ষম হন প্যারাগুয়ের গোল রক্ষক অ্যান্টনি সিলভা।
পাল্টা আক্রমণে গিয়ে পোস্টের সামান্য দূর থেকে সান্তিয়াগো আরজামেন্ডির শট প্রতিহত করেন আর্জেন্টিনার ডিফেন্ডার এমিলিয়ানো মার্টিনেজ।
প্যারাগুয়ের গোলবক্সের বাইরে থেকে দুইবার গোল করার সুযোগ পেয়েছিলেন কোরেয়া। দুইবারেই তাকে বলের যোগান দিয়েছিলেন কড়া নজরদারীতে থাকা লিওনেল মেসি। প্রথম দফায় অফসাইডের ফাঁদে পড়েন তিনি। দ্বিতীয়বার বলটি তিনি সতির্থ আ্যঞ্জেল ডি মারিয়ার কাছে পাসের চেষ্টা করতে গেলে একজন ডিফেন্ডার ক্লিয়ার করে দেন।
পোস্টের সামান্য দূর থেকে মেসির ফ্রি কিক থেকে গোল পাবার আশা করেছিল আর্জেন্টাইন শিবির। কিন্তু তার বাঁ পায়ের শটের বলটি বাঁক খেয়ে পোস্টকে পাশ কাটিয়ে চলে যায়। ম্যাচের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ বজায় রাখার পরও কাঙ্ক্ষিত গোলের দেখা না পেয়ে শেষ পর্যন্ত হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
খেলা শেষে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, আমরা দারুণ সব সুযোগ সৃষ্টি করেও গোল বঞ্চিত হয়েছি। প্যারাগুয়ে বেশ কয়েকবার আমাদের হুমকিতে ফেললেও ম্যাচের অধিকাংশ সময় আমারাই নিয়ন্ত্রণ করেছি।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 
























