রাজশাহীতে ডিবি পুলিশ পরিচয়ে হাইকোর্টে দুর্নীতির ভুয়া মামলার ভয় দেখিয়ে এক চিকিৎসকের কাছ থেকে ৯৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে । এই ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানরগীর রাজপাড়া থানার লক্ষীপুর মিঠুর মোড় এলাকার এ কে এম মোতাহারুল ইসলামের ছেলে মোঃ তাসফিন আহমেদ (৩৩) ও মোঃ ফয়সাল আহমেদ (৩৮)।
আজ মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডাঃ মোঃ আজিজুল হক (আব্দুল্লাহ) এর স্ত্রীর বড় বোনের ছেলে তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদ। আত্মীয়তার সূত্র ধরে তাসফিন ও ফয়সাল ডাঃ আজিজুল হকের বাড়ীতে যাওয়া আসা করতো। আত্মীয়তা ও বিশ্বস্ততার সূত্র ধরে তাসফিন, ফয়সাল ও ফয়সালের ভাইরা আসামী মোঃ রুবেল সরকার রাসেল (৩৩) যোগসাজসে ডাঃ আজিজুল হককে হাইকোর্টে ভূয়া দুর্নীতি দমন মামলার কাগজ ও আয়করের ভূয়া কাগজ দেখায় এবং আসামী রুবেল নিজেকে ডিবি পুলিশ ও ওয়ারেন্ট অফিসার পরিচয়ে দিয়ে গত ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
প্রতারক চক্রের সদস্যরা পর্যায়ক্রমে টাকা গুলো নেয়ার সময় ডাঃ আজিজুল হককে জানায়, দুর্নীতি দমন ব্যুরো, আয়কর বিভাগ এবং হাইকোর্টের রায়ের বিষয়ে কাগজ বের হতে সময় লাগবে। এ বিষয়ে কাউকে কিছু না জানাতে বলে। অন্য কেউ জানলে তার ও তার পরিবারের যে কোন বড় ধরনের ক্ষতি হতে পারে বলে তারা ডাঃ আজিজুল হককে ভয় দেখায়।
পরবর্তীতে ডাঃ আজিজুল হক খোঁজ খবর নিয়ে জানতে পারেন হাইকোর্টে দুর্নীতি ও আয়করের মামলার বিষয়টি ভূয়া। তারা যোগসাজসে প্রতারণা করে তার কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি ফয়সালের কাছে জানতে চাইলে সে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
এদিকে, মামলা দায়েরের পর রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনা তদন্তের নামেন। অবশেষে সোমবার (১৮ অক্টোবর) রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মোঃ তাসফিন আহমেদ ও মোঃ ফয়সাল আহমেদকে তাদের বাড়ী হতে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক: 
























