হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাতেই সাইফ উদ্দিনের পর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বিশ্ব সেরা অলরাউন্ডারকেও হারাল বাংলাদেশ। বিশ্বকাপের সুপার টুয়েলভে বাকি দুই ম্যাচে সাকিবকে ছাড়াই খেলতে হবে দলকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানান সাকিবের চোটের বিস্তারিত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত শুক্রবার (২৯ অক্টোবর) টান লাগে সাকিবের হ্যামস্ট্রিংয়ে। এরপর থেকে বিশ্রামে ছিলেন তিনি। রোববার (৩১ অক্টোবর) চোটের অবস্থা পরীক্ষা করে দুঃসংবাদ জানা যায় সন্ধ্যায়।
বিসিবি এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপের বাকি অংশে অভিজ্ঞ এই ক্রিকেটারকে আর পাওয়া যাবে না। বিবৃতিতে বলা হয়, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সাকিবের বাঁ হ্যামস্ট্রিংয়ে টান লাগে। পরীক্ষা করে দেখা যায় ‘গ্রেড ১’ মাত্রার চোট এটি। বিশ্বকাপের শেষ দুই ম্যাচের জন্য ও পরবর্তী পরীক্ষা পর্যন্ত সে মাঠের বাইরে থাকবে।’
বিশ্বকাপে সুপার টুয়েলভে এ নিয়ে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ দল। সেমিফাইনালে যাওয়ার আশা তাই বলতে গেলে শেষই! সে ক্ষেত্রে বাকি দুই ম্যাচে না খেলা মানে সাকিবের জন্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল।
বাংলাদেশের পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২ নভেম্বর (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি আবুধাবিতে, বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তার দুই দিন পর, দুবাইয়ে। সেই ম্যাচটিও হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























