কথিত স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান বুধবার দুপুরে এই মামলার অভিযোগ গঠন করেন।
মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে চলতি বছরের ৩০ এপ্রিল জেলার সোনারগাঁ থানায় মামলা করেন তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।
ওই মামলায় গ্রেপ্তার মামুনুল হককে আজ নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদন মঞ্জুর করে আসামি মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে ধর্ষণ মামলায় আসামি মামুনুল হকের বিচার কাজ শুরু হলো।
এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকাল ১০টায় মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতের হেফাজতে আনা হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। ঘটনার খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর-সহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও তাণ্ডব চালিয়ে প্রায় দুই শতাধিক যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
সেদিন রিসোর্টে নারী সঙ্গিনী জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে মামুনুল দাবি করলেও এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠে। ঘটনার প্রায় এক মাস পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ঝর্ণা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























