গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। করোনা মহামারি শুরুর পর থেকে গত দেড় বছরের বেশি সময় পর দেশে এই প্রথম মৃত্যুশূন্য দিন।
এদিকে একই সময়ে নতুন করে আরও ১৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বর্তমানে ২৭ হাজার ৯৪৬ জন।
শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান সাতজন। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৫৩ জনের দেহে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৫ হাজার ১০৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯০ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ১৮ মার্চ করোনায় দেশে প্রথমবারের মতো মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















