হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকসহ পাঁচ নেতার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৭টি প্রতিষ্ঠান থেকে পাওয়া হেফাজত নেতাদের আয়-ব্যয়ের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। বুধবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানালেন দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার।
যাদের তথ্যাদি পাওয়া গেছে তারা হলেন- মাওলানা মামুনুল হক, তার বড় ভাই মাওলানা মাহফুজুল হক, মাওলানা আতাউল্লাহ আমিনী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ মহসিন ভূঁইয়া। তাদের আয়কর নথি পর্যালোচনা করা হচ্ছে।
অভিযোগে বর্ণিত, ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি প্রতিষ্ঠান হতে ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিষ্ঠান আয়, সরকারি অনুদান, ব্যক্তিগত অন্যান্য দানসহ ইত্যাদি তথ্য সংগ্রহসহ অডিট প্রতিবেদন ও ক্যাশ বই সংগ্রহ করেছে দুদক। যা বর্তমানে যাচাই-বাছাই ও পর্যালোচনা অব্যাহত আছে।
এর আগে, চলতি বছরের ২৫ মে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির প্রয়াত জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের ৪৬ জন নেতা-কর্মীর সম্পদের তথ্য চেয়ে সরকারের ৪টি দপ্তরে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক মো. আকতার হোসেন এই চিঠি পাঠান।
সরকারি দপ্তরগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ), চার জেলার (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নেত্রকোনা) পুলিশ সুপার, তিন থানার (ফটিকছড়ি, হাটহাজারী ও পটিয়া) সহকারী কমিশনার (ভূমি) এবং ঢাকা জেলা রেজিস্ট্রার। সহকারী কমিশনার (ভূমি) ও ঢাকা জেলা রেজিস্ট্রারকে পাঠানো চিঠিতে হেফাজত নেতাদের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের জমির দাগ, খতিয়ানসহ নথি চাওয়া হয়। আর বিএফআইইউ-এর প্রধানকে পাঠানো চিঠিতে সবার ব্যাংক হিসাবের তথ্য-উপাত্ত চাওয়া হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 




















