দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত আরও ৩৯৭ জন ও মৃত্যু হয়েছে একজনের। মোট শনাক্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জনে। আর মোট মৃত্যু ২৮ হাজার ৬২ জন। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৩৮টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.১০ শতাংশ। উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া একজন নারী। তিনি ঢাকা মহানগরীর বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে বিশ্বজুড়ে করোনায় একদিনের ব্যবধানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৩১ জন। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ১ হাজার ৩৪৫ জন। বিশ্বজুড়ে মহামারি শুরুর পর থেকে এ রোগে প্রতিদিন আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য। আগের দিন সোমবার আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৯৮৫ জনের। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য মতে, বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ১৮ লাখ ২২ হাজার ৯২৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ২২ হাজার ৫৬৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৪০৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ২৪২ জন এবং মারা গেছেন ২৮০ জন রোগী। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ৪৫৩ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাশিয়ায়। দেশটিতে একদিনে ৯৬৮ জন রোগীর মৃত্যু হয়। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৪ হাজার ২১৮ জন। একদিনে প্রাণহানির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৫ জন। এ নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৯ হাজার ৯৯৭ জনে। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭ জন।
নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৮১০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৩৯ হাজার ৪৩৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৮ হাজার ৪৮৪ জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ৩৩৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৯৭ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 




















