মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধ বিষয়ক ‘মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী’ পরিদর্শন করেছেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে শ্রীমঙ্গল থানা পুলিশ প্রশাসন থানা চত্ত্বরে এ মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীর অর রশীদ তালুকদারের উদ্যোগে অনুষ্ঠিত প্রদর্শনির সহযোগীতা করেন মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তী।
পরিদর্শনকালে সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ মুক্তিযুদ্ধ ভিত্তিক এমন আলোকচিত্র প্রদর্শনীর আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা যুদ্ধের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। কেবল মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। শ্রীমঙ্গল থানার ওসি’ শামীম অর রশীদ তালুকদার আলোকচিত্র প্রদর্শনিতে প্রদর্শিত স্মৃতিস্মারক গুলো সংরক্ষণে একটি যাদুঘরের প্রস্তাব দিলে আব্দুস শহীদ এমপি ২-১ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।
এসময়, অন্যান্যের মধ্যে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আকরাম খাঁন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমোদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, অমলেন্দু পাল, মোয়াজ্জেম হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি দিপঙ্কর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রদর্শনী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























