মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সরকার বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ১৫জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায় , বাদে ফতেপুর গ্রামের মৃত. সিদ্দেক আলীর পুত্র প্রবাসী মাসুক মিয়া (৪৫) সরকার বাজারের সবজি বিক্রেতা সাধুহাটি গ্রামের কয়ছর মিয়ার ছেলে সামছুল মিয়া (২৫)এর সাথে খারাপ আচরণ করেন। এতে সাধুহাটি গ্রামের মৃত ছনর মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩৫) বাধা দেন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের লোকজন বাজার এলাকায় জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের প্রায় ১৫জন আহত হয়েছেন।
এসময় গুরুতর আহতদের মধ্যে মোজেফরাবাদ গ্রামের মাসুক মিয়া (৪৫) এবং সাধুহাটি গ্রামের কয়ছর মিয়া (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে । এ রিপোর্ট লিখা পর্যন্ত অন্যান্য আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে শেরপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টাকালে তাৎক্ষণিক মডেল থানা পুলিশকে অবগত করলে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক (জিয়া) এর নেতৃত্বে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াসিনুল হকসহ পুলিশ লাইনের রিজার্ভ ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম এই প্রতিবেককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























