রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীকে মারপিটে অভিযুক্ত রেলকর্মী মেহেদি হাসান রাসেলকে বরখাস্ত করা হয়েছে। তিনি রাজশাহী স্টেশনের টিকিট কালেক্টর (টিসি) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকালে তাকে বরখাস্ত করার আদেশ দেয়া হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্টেশনের ভেতরে এক যাত্রীর সঙ্গে খারাপ আচরণের একটি ভিডিও ক্লিপ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখেছেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের আদেশে সই করেছেন পশ্চিম রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। এরই মধ্যে অভিযুক্ত মেহেদিকে এই আদেশ সম্পর্কে জানানো হয়েছে। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
এর আগে এই ঘটনা তদন্তে ‘পশ্চিম রেলওয়ের ডেপুটি সিসিএম গৌতম কুমার কুন্ডুকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনে মঙ্গলবার দুপুরে রেলকর্মীদের হাতে মারধরের শিকার হন এক যাত্রী। ওই যাত্রী আনসার সদস্য। তার নাম রুবেল। রুবেল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খেসবা গ্রামের মন্টুর ছেলে। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য হিসেবে কর্মরত।
রুবেল জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে পৌঁছান। স্টেশন থেকে বের হওয়ার সময় একজন নারী রেলকর্মী তাকে টিকিট দেখাতে বলেন।
‘‘আইডি কার্ডে আমার বানান ‘আর ইউ বি ই এল’ কিন্তু রেলওয়ের অনলাইন রেজিস্টেশনের সময় ভুলবশত নামের বানানে ‘ আর ইউ বি এ এল ’ আছে। এ নিয়ে রেলকর্মী রাসেলের সাথে কথা-কাটাকাটি শুরু হয়। এবং তাকে ঘরে নিয়ে গিয়ে মারপিট করেন রাসেল।
রুবেলকে ধাক্কাধাক্কি ও চড়-থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে বুধবার। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে একাধিকবার রুবেলকে মারপিট করতে দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক: 






















