ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এতে নাকাল পঞ্চগড়বাসী। তীব্র শীতে সকালে বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না অনেক নিম্ন আয়ের লোকজন। ফলে চরম বিপাকে পড়েছেন তারা।
আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ভোরে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা এড়াতে জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। সেই সঙ্গে বাড়ির আঙিনা কিংবা রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেক মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় গত কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তেঁতুলিয়ায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























