মাদারীপুরের শিবচরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মৌলভী কান্দি গ্রামের কায়ুম শেখের ছেলে নাহিদ শেখের (২৮) বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই শিক্ষার্থী নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে মালের হাটবাজারে যাওয়ার পথে সকাল সাড়ে নয়টার দিকে শিবচর থানাধীন সন্যাসীরচর ইউনিয়নের বিনা কোম্পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার পূর্বপরিচিত আশিক মাদবর (২০) সাথে দেখা হলে তারা রাস্তার ওপর দাঁড়িয়ে কথা বলা শুরু করে।
এ সময় নাহিদ ও একই গ্রামের তারা মিয়া হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (২৮) একটি নীল রংয়ের মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি-ধমকি দিয়ে জোরপূর্বকভাবে ওই শিক্ষার্থীকে মোটরসাইকেলে উঠিয়ে সন্যাসীরচর ইউনিয়নের মাদবর কান্দি এলাকার হারুন শেখের কলাবাগানে নিয়ে যায়।
পরে নাহিদ শেখ তার সাথে থাকা আরিফ হাওলাদারকে দূরে সরিয়ে দিয়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকার দিলে আশপাশ থেকে লোকজন চলে আসে। ততক্ষণে আসামি নাহিদ কলাবাগান থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরে শিবচর থানার উপ-পরিদর্শক বরুন হীরার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে শিবচর থানায় মামলা করেন ওই শিক্ষার্থীর ভাই। রবিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেন বলেন, সকালে খবর পেয়ে পুলিশ এলাকা পরিদর্শন করে। রাতে মেয়েটির ভাই বাদী হয়ে মামলা করেন। আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























