চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের সংগ্রহ ১২৯ রান। ত্রিশোর্ধ্ব রান করেছেন কেবল ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো।
আজ রবিবার (২৪ জানুয়ারি) মিরপুরে মিনিস্টার ঢাকার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। ইনিংস উদ্বোধন করেন সৈকত আলী ও নাজমুল হাসান শান্ত। ৯ বলে ৫ রান করে শুভাগত হোমের বলে নাঈম শেখের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন শান্ত। আর ১৮ বলে ১৫ রান করে হাসানের মুরাদের শিকার হয়ে বিদায় নেন সৈকত। রানের খাতা খোলার আগেই আন্দ্রে রাসেলের শিকার হন তৌহিদ হৃদয়।
টানা তিন ওভারে তিনটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে বরিশাল। চতুর্থ উইকেটে জুটি গড়েন সাকিব আল হাসান ও ক্রিস গেইল। তাদের ৩৭ রানের জুটি ভাঙে সাকিবের বিদায়ে। রুবেলের বলে মোহাম্মদ শাহজাদের হাতে ক্যাচ দেন সাকিব। বরিশালের অধিনায়ক করেন ১৯ বলে ২৩ রান। সাকিবের ইনিংসের ছিল দুইটি চার ও একটি ছক্কা।
প্রথমবার একাদশে সুযোগ পেয়ে ব্যর্থ নুরুল হাসান সোহান। ৫ বলে ১ রান করেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের বলে বাউন্ডারিতে জহুরুল ইসলামের হাতে ধরা পড়েন এই ডানহাতি ব্যাটার। তারপর বিদায় নেন গেইলও। ৩০ বলে ৩৬ রান করেন এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা।
বরিশালের ইনিংসে বাকি রান একাই যোগ করেন ব্রাভো। এই ক্যারিবিয়ান ক্রিকেটারের ব্যাট থেকে আসে ২৬ বলে হার না মানা ৩৩ রান। ব্রাভোর ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে বরিশাল সংগ্রহ করে ১২৯ রান।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























