কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে মঙ্গলবার ফের জয়ে ফিরেছে মাহমুদউল্লাহর মিনিস্টার গ্রুপ ঢাকা। বঙ্গবন্ধু বিপিএলে আজ দুপুরের খেলায় মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৫০ রানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে হারলেও চার ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কুমিল্লা। অন্যদিকে, ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হার নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে চলে এসেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে ৭০ রানে অপরাজিত থাকা ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টসে জিতে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় এক নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম-মাহমুদউল্লাহ দুই পান্ডবের ব্যাটিং তান্ডবে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ঢাকার ইনিংস থামে ১৮১ রানে। ঢাকার হয়ে রানের পাহাড় গড়ে তুলতে অবদান রাখেন দুই দেশী ক্রিকেটার। ঢাকার ইনিংসে মোহাম্মদ শাহজাদ (৬), তামিম (৪৬), ইমরান (১৫), শুভাগত (৯), আন্দ্রে রাসেল (১১), নাইম শেখ (১০) রান করে আউট হয়েছেন।

এছাড়া মাশরাফি ২ রানে ও অধিনায়ক মাহমুদউল্লাহ ৪১ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন তানভির ইসলাম। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম এবং করিম জানাত। ১৮২ রানের জবাবে কুমিল্লা গুটিয়ে যায় ১৩১ রানে। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই লিটনদের শিবিরে আঘাত হানে রুবেল। তারপর নিয়মিত বিরতিতে কুমিল্লা উইকেট হারাতে শুরু করে। প্রথমদিকেই দুই উইকেট হারানোর পর মাহমুদুল হাসান জয় ও ইমরুল কায়েসের ধীর ব্যাটিংয়ে একটি জুঁটি গড়ে ওঠে। ১১তম ওভারের প্রথম বলে ইমরুল কায়েস সাজঘরে ফিরে গেলে এই ওভারের শেষ বলে আউট হন তার সঙ্গী মাহমুদুল হাসান জয়।
তারপর ৮৭ রানে পঞ্চম উইকেটে আউট হন ডেলপোর্ট। ১১৫ রানে সাজঘরে ফিরেন করিম জানাত ও আরিফুল ইসলাম। দলীয় ১১৬, ১২৪ ও ১৩১ রানের মাথায় যথাক্রমে সাজঘরে ফিরেছেন নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোস্তুাফিজুর রহমান। কুমিল্লার হয়ে সর্বোচ্চ রান করেছেন মাহমুদুল হাসান জয়। ৩০ বলে ৪৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় সর্বোাচ্চ করেছে অধিনায়ক ইমরুল কায়েস। এক ৬ ও দুই ৪ এর মাধ্যমে ২৩ বলে করেছেন ২৮ রান। শেষদিকে ৭ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন তানভির ইসলাম। ঢাকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন ক্যারিবিয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়া এবাদত হোসেন ও কাইস আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন এবং একটি উইকেট নিয়েছেন রুবেল হোসেন।ভোরের কাগজ

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























