‘৭০ দশকে রাজশাহীর দাপুটে সাংবাদিক, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বুলবুল ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন তিনি। ডা. বুলবুলের মতৃ্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব।
বুধবার সকালে প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধরাণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা যুক্ত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে রাজশাহী প্রেসক্লাব নেতারা বলেন, মোজাহার হোসেন বুলবুল চিকিৎসাপেশায় সম্পৃক্ত থাকলেও তিনি সাংবাদিকতা করেছিলেন ছাত্রজীবনে। দৈনিক বার্তায় সাব-এডিটর হিসেবে সাংবাদিকতা শুরু হয় তার। এরপর দি বাংলাদেশ অবজারভার‘র রাজশাহী করেসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ডা. বুলবুল দৈনিক ইত্তেফাক, যুগান্তর, সমকাল ও যায়যায়দিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। রাজশাহীতে পিছিয়ে পড়া সাংবাদিকতাকে এগিয়ে নিতে তার বেশ অবদান ছিল। তিনি ১৯৮১ সালে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে সাংবাদিকতা এবং চিকিৎসাপেশার অপূরণীয় ক্ষতি হলো। ডা. বুলবুলের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন রাজশাহী প্রেসক্লাব নেতারা।
উল্লেখ্য, বুধবার বাদ আসর রাজশাহীর উপশহরের নূর মসজিদে দ্বিতীয় নামাজে জানাজার পর নগরীর হেঁতেমখা গোরস্থানে ডা. বুলবুলকে সমাহিত করার কথা রয়েছে। মৃত্যুর আগে রাজধানী সেন্ট্রাল হাসপাতালের ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক: 





















