দেশে গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের সংখ্যা ফের বেড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জনে। শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। রোববার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ১৫০ জন। শনাক্তের হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।
এদিকে মহামারি করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮১৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ১৬৭ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ৯০০ জন। যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় চার লাখ। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪২ কোটি ৩৫ লাখে। রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ১৪৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৭২০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৭৫৫ জনের।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। লাতিন আমেরিকার এই দেশটি করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৬৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৫৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৯৩৮ জনের।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৪৩ জন এবং মারা গেছেন ৭১৫ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৭২ হাজার ৫৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৫৯ হাজার ১৩০ জন মারা গেছেন।
গত একদিনে জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ১৩৩ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২১ হাজার ৮২৬ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 



















