নারায়ণগঞ্জের সোনারগাঁয় বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হয়ে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
অন্যদিকে নারায়ণগঞ্জের বন্দরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে শামীম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
সোনারগাঁয় আত্মহত্যা করা শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, একই গ্রামের আবুল কালামের ছেলে ইমন পাঁচ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। বিয়ের জন্য চাপ দিলে রাজি হননি ইমন। এর জেরে বিষপানে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে একটি চিরকুট লিখে যায় ওই শিক্ষার্থী। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন ও তাঁর পরিবারের লোকজন পলাতক।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’
অন্যদিকে নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার শামীম ও অজ্ঞাতপরিচয় আরো দুজনকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন।
বন্দর থানার এসআই কৃষ্ণ পোদ্দার জানান, রবিবার সন্ধ্যায় ওই কিশোরী তার মামার ঘরের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় বন্দরের চরইসলামপুরের চরগ্রাম এলাকার জোহার ছেলে শামীম ও তাঁর দুই সহযোগী কিশোরীকে মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে চরগ্রাম বিলে নিয়ে যায়। সেখানে শামীম মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় শামীমের দুই সহযোগী পাহারায় থাকেন। পরে কিশোরী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষণকারীরা পালিয়ে যান।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























