জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ‘কাঁচা বাদাম’ গানে উদ্যম নাচের ঘটনায় পাবনার ঈশ্বরদীর মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা বলেন, ‘আমার দপ্তর থেকে পাঠানো হয়েছে নোটিশটি। নোটিশের জবাব পত্রপ্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
কারণ দর্শানোর চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা কাঁচা বাদাম ও হিন্দি গানের সঙ্গে নৃত্য প্রদর্শন করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এহেন ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা পত্রপ্রাপ্তির তিন
কার্যদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশনাক্রমে অনুরোধ করা যাচ্ছে।’
কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘আমাদের অজ্ঞাতসারে ছাত্রীরা ভুলবশত হিন্দি ও কাঁচা বাদাম গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে। যা অনাকাঙ্ক্ষিত ও অনুষ্ঠানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আমি সেখানে উপস্থিত থাকলে এমন হতো না। তবে তিনি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘ছাত্রীরাও বিষয়টি নিয়ে কিন্তু বেশ ভয়ে আছে।’
জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা সলিমপুরের ‘মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়’ নানা অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের মঞ্চে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কাচা বাদাম’ ও ‘হিন্দি গানের’ সঙ্গে নেচে-গেয়ে জন্মদিন পালন করে। এ সময় বিদ্যালয়ের নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভ করা হলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি ভাইরাল হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সমালোচনার মধ্যে পড়ে। অনেকে ফেসবুকে নানা ধরনের মন্তব্য করেন। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ ওই পেজটি থেকে ভিডিও ডিলিট করে দেয়।
এসব আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
প্রধান শিক্ষকের এমন বক্তব্যের প্রেক্ষিতে শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়ের প্রধানকে মনে রাখতে হবে এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিশুরা অনুষ্ঠানে আনন্দ হই-হুল্লোড় করবে-এটা ঠিক। কিন্তু অনুষ্ঠানের সঙ্গে সংগতিপূর্ণ নয়-এমন কিছুই শিশুদেরকে করানো যাবে না।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের সঙ্গে সামঞ্জস্যহীন অনুষ্ঠানে কেন তারা শিক্ষার্থীদের দিয়ে এমন নাচ-গান করালেন- তা জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব দিতে তিন কার্যদিবস পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























