নওগাঁর সাপাহারে পর্নোগ্রাফি সরবরাহ করায় ১০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (২৩ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব- ৫।
গ্রেফতারকৃতরা হলেন, বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম (৩৫), মদনসিংহ গ্রামের আবদুল গনির ছেলে সাকিব হাসান (২৯), পিছলি মধ্য পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান (২২), মানিকরা গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসাইন (২৬), জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম (২৬), মানিকরা গ্রামের আব্দুল হকের ছেলে আরিফুল ইসলাম (২৭), খুদ রামবাটি গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন (২৮), বৈদ্যপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে আবদুল মাজেদ (২৮) ও পত্নীতলা উপজেলার সাড়াই ডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র্যাব ৫ ক্যাম্পের অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকিরের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাজারে অভিযান পরিচালনা করে। এসময় পর্নোগ্রাফি সরবরাহ করার দায়ে ওই ১০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১২টি সিপিও, ১৬টি হার্ড ডিস্ক, ১২টি মনিটর, ৪টি মাউস, ৮টি কি-বোর্ড ও ৯টি বিভিন্ন ক্যাবল জব্দ করা হয়। পরে তাদের সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























