উপহার বক্সে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেয়া চিঠি পেলেন মসজিদের ইমাম। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া এলাকায়।
এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদরাসার সুপার মো. ওসমান গণি (৫৮)। তিনি মধুপুর উপজেলার মেহাবী গ্রামের মৃত.আব্দুল কাদেরের ছেলে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
থানার সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি নারান্দিয়া মাদরাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে একটি উপহার বক্স দেয়। বক্সটি খুলে দেখা গেছে ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেয়া একটি চিঠি।
বুধবার (২৩ মার্চ) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদরাসার সুপার মো. ওসমান গণি।
তিনি বিবার্তাকে বলেন, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি নারান্দিয়া মাদরাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স রেখে যান। বক্সটি খুলে আমি দেখতে পাই ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি। এ বিষয়ে আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এরপর থেকে আমি নিরাপত্তাহীন ভুগছি।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ তালুকদারে সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বিবার্তাকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 



















