দীর্ঘদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে চিকিৎসার জন্য আজ শুক্রবার (৬ মে) লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি। চিকিৎসা করতে যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। ছোট্ট এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার জন্য দোয়া করবেন।’
তাসকিনের আগেই লন্ডনে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সেখানে তাঁর অধীনেই সব চিকিৎসা করাবেন এই তারকা বোলার।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতে বল হাতে দারুণ করেন তাসকিন। সিরিজ সেরাও হন তিনি। কিন্তু টেস্টে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ফিরতে হয় প্রথম টেস্ট খেলেই। এই কদিন পরিবারের সঙ্গে সময় কেটেছে তাঁর। কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। প্রথমে পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তাসকিন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























