সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ছয় জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৩৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঁচ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ঢাকার বাইরে সারা দেশে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে সারাদেশে সর্বমোট ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩২ জন এবং ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, এ বছর ১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৯৫ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬২ জন রোগী। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি। এছাড়া গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















