কিশোরগঞ্জের নিকলীতে পরকীয়ার খবর ফাঁস করায় বন্ধুর ছুরিকাঘাতে মো. তুষার মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার মাইজহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তুষার নিকলী সদর ইউনিয়নের ষাইটধার তালাপপাড় গ্রামের আসাব উদ্দিনের ছেলে।নিহতের বাবা গতকাল বৃহস্পতিবার রাতে নিকলী থানায় সাগর মিয়াকে প্রধান আসামি ও মোট ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলা করার পর প্রধান আসামি সাগর মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাগরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। পরকীয়ার বিষয়টি সাগরের স্ত্রী ও পরিবারকে জানিয়ে দেন তুষার। এ নিয়ে গত কয়েক মাস আগে তুষার ও সাগরের মাঝে বাগ্বিতণ্ডা হয়েছিল।
সে সময় ঝামেলা এড়াতে তুষার ঢাকায় চলে যান। তবে কয়েক দিন আগে বোনের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন তিনি। গত বুধবার রাতে একাকী পথ চলার সময় তুষারের পেটে ছুরিকাঘাত করেন তার বন্ধু সাগর। তুষারের চিৎকারে পরিবারের লোকজন এসে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার মূলহোতা সাগরসহ চারজনকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























