নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী। ছাত্রীর অভিযোগ, প্রেমিক ইকবাল হোসেন বিয়ের প্রলোভনে তার সঙ্গে একাধিক বার শারীরিক সম্পর্ক করেছেন।
অভিযুক্ত ইকবালের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃগড়িলা গ্রামে। তিনি নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। ভুক্তভোগী মেয়ে স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, স্থানীয়রা তাদের বিয়ের বিষয়টি মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। এক সময় মাদকাসক্ত থাকা ইকবাল গত ১৩ মে মাদক নিরাময় কেন্দ্র থেকে মুক্তি পান। বের হয়েই প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
একপর্যায়ে মেয়েটি আজ রোববার সকাল থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। কিন্তু তাকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় বাড়ির গেটের সামনেই অনশন করছেন তিনি।
মেয়েটি কাঁদতে কাঁদতে জানান, তার বাবা একজন গরীব মানুষ ও শারীরিক প্রতিবন্ধী। তার কারণেই আজ ইকবাল মাদকের পথ থেকে ফিরে এসেছেন। একাধিকবার শারিরিক সম্পর্ক করেও এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছেন না ইকবাল।
এ ব্যাপারে অভিযুক্ত ছেলে ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সেটি সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, ঘটনা তারা শুনেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।আমাদের সময়

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























