দেশে গত ২৪ ঘন্টায় আরও ৫৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৫০ জন ও ঢাকার বাইরে ৩ জন। এ নিয়ে বর্তমানে সারা দেশে ৩৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮০ জন ও ঢাকার বাইরে ৭৬ জন।
এ বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত তিন হাজার ৩১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে দুই হাজার ৭৮৬ জন ঢাকায় ও ঢাকার বাইরে ৫৩০ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত পেয়েছেন দুই হাজার ৯৪৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ৫০১ জন ও ঢাকার বাইরে ৪৪৪ জন। পাশাপাশি চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























