রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সোহেল রানা। পরে তার বাড়িতে থাকা চটের ব্যাগ থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গত মঙ্গলবার রাতে গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাহেরপুর-শিকদারী সড়কে টহল দিচ্ছিল। এ সময় রামরামা হ্যাচারি মোড়ে নাসির উদ্দিন (২৪) নামের এক যুবককে আটক করে। তাঁর দেহ তল্লাশি করে এক বোতল ফেনসিডিল ও ৫ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির উদ্দিন স্বীকার করেন, মাদকগুলো যুবলীগ নেতা সোহেল রানার। তিনি এগুলো তাঁর কাছে পৌঁছে দিচ্ছেন। পরে পুলিশ তাঁকে নিয়ে ওই রাতে যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল রেখে দৌড় দেন সোহেল।
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জিলালুর রহমান জানান, এ ঘটনায় আটক নাসির উদ্দিন ও পলাতক সোহেল রানাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। বুধবার দুপুরে নাসির উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আশরাফুল ইসলাম 

























