উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় সিলেটের পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজ আশপাশের এলাকাকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসব স্থানে সব ধরনের মিছিল–সমাবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আর এর ফলে আগামী ২০ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির গণসমাবেশ হবে কিনা তা নিয়ে দলটির নেতাকর্মীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০ নভেম্বর এই মাদরাসার মাঠে বিএনপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। আবার ওই দিনই সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলিয়া মাদরাসা কেন্দ্রে আলিম শ্রেণির হাদিস ও উসূলুল হাদিস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীর যে ২৯টি পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকা ‘অস্থায়ী সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করেছে তার মধ্যে এই মাদরাসাও রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ ঘোষণা করা হয়েছে। এসময় পরীক্ষা কেন্দ্রের আশপাশে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, ‘যেসব কেন্দ্রে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা হবে, এগুলো সংরক্ষিত এলাকা ঘোষণা দিয়ে নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখন বিএনপির গণসমাবেশ যেখানে হবে, সেটা যদি ২০০ গজের ভেতরে পড়ে, তাহলে বিএনপি নেতারাই তাদের করণীয় ঠিক করবেন।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আলিয়া মাদরাসা পরীক্ষা কেন্দ্রের বিষয়টি আমাদের নজরে এসেছে। এই পরিস্থিতিতে সমাবেশের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে বসবেন এবং সিদ্ধান্ত জানাবেন।’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























