সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর লিওনেল মেসিকে পা ধরে বসে থাকতে দেখা গিয়েছিল। এরপর বৃহস্পতিবার তিনি দলের অনুশীলনেও যোগ দেননি। তাতে করে গুঞ্জন ওঠে মেসি কি তাহলে ইনজুরিতে পড়েছেন? তিনি কি তাহলে ফাইনালে খেলতে পারবেন না?
শুক্রবার জানা গেছে কোনো শঙ্কা নেই মেসিকে নিয়ে। তিনি যথারীতি খেলবেন ফাইনালে। মূলত আগের ম্যাচে কিছুটা চোট পেয়েছিলেন তিনি। সে কারণে অনুশীলনে যোগ দেননি। ইনডোরে ‘রিকভারি সেশন’ করেন। ফাইনালের আগেই তার হ্যামস্ট্রিং-এর সামান্য সমস্যা সেরে যাবে।
৩৫ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক এবারের বিশ্বকাপে দারুণ খেলছেন। ইতোমধ্যে পাঁচ গোল করে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। পাঁচটি গোল করার পাশাপাশি তিনটি গোলে অ্যাসিস্টও করেছেন। গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ছয় ম্যাচ খেলে চারবারই হয়েছেন ম্যাচসেরা।
তার পারফরম্যান্সে ভর করে উজ্জীবিত আর্জেন্টিনা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এখন দেখার বিষয় রোববার বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষার পালা ঘোচাতে পারেন কিনা মেসি-ডি মারিয়ারা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























