ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, ‘সকল দেশের রাষ্ট্রদূতের জন্য আমরা যথেষ্ট নিরাপত্তা দিয়ে থাকি। আমাদের পুলিশ বাহিনী বিশেষ বিশেষ রাষ্ট্রদূতের বেলায় আরও বেশি নজরদারিতে রাখে। এ কারণে মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা ঘাটতি হয়েছে বলে আমরা মনে করি না।’ বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সেদিন রাষ্ট্রদূতের কাছে যারা গিয়েছিলেন, তারা জিয়াউর রহমানের সময়ে গুম-খুনের শিকার পরিবারের সদস্য। তারা তাদের স্বজনদের গুম-খুনের বিচারের দাবি সম্বলিত স্মারকলিপি দিতে যান। বিষয়টি পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে রাষ্ট্রদূতের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে।’ বিএনপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী বিরোধীদের মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। তবে আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আমরা সতর্ক।’ বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে আইন আছে, সংবিধান রয়েছে। যে সংবিধানকে ফলো করে আমরা চলছি। সেই সংবিধানে কোনো জায়গাতেই তত্ত্বাবধায়ক সরকারের কথা নেই। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই আসে না। পৃথিবীর অন্য দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আমাদের দেশে নির্বাচন হবে।’ পরে রাজশাহী জেলা পুলিশ আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিশেষ অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বাঘায় আনসার ভিডিবি কার্যালয় উদ্বোধন করেন। বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে জঙ্গি ও মাদকবিরোধী এক সমাবেশে তিনি যোগ দেন।
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা ঘাটতি হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৮:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- ১৩২
Tag :
সর্বাধিক পঠিত


























