আওয়ামী লীগের নেতৃত্বে দলটির সভানেত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন নিয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের দলে জননেত্রী শেখ হাসিনার কোনও বিকল্প নেই। আওয়ামী লীগের প্রত্যেক কর্মী-সমর্থক চায় জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, ততদিন দলকে নেতৃত্ব দিয়ে যাবেন। শুধু তিনি দলকে নেতৃত্ব দিয়ে যাক সেটিই নয়, আমাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রেও জননেত্রী শেখ হাসিনার কোনও বিকল্প আজকে বাংলাদেশে নেই। তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একটি অনুন্নত দেশকে আজ যেভাবে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন; উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য তার যে প্রাণান্তর প্রচেষ্টা, আজকে বিশ্ব সম্প্রদায় সেটির প্রশংসা করছে। তার বিকল্প আওয়ামী লীগে কেউ নেই।
এ সময় সাংবাদিকরা বার বার পদ নিয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী, তিনিই আমাদের সুপ্রিম লিডার। কে কোন পদে থাকবেন তিনিই ঠিক করবেন।
সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তরের আগে অর্জন প্রকাশন থেকে প্রকাশিত এবং এইচ এম মেহেদী হাসান গ্রন্থিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ হাসিনা’ এবং ‘বাংলাদেশের স্বপ্নপূরণ’ দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, প্রকাশক আবু হাশেম সরকার, ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।রাইজিংবিডি.কম

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 





















