রাজশাহীর চারঘাটে প্রায় ৬০০ মৃত চড়ুই পাখি উদ্ধারের ঘটনায় দুই পাখি শিকারিকে এক হাজার টাকা জরিমানাসহ এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে তাদেরকে দণ্ড দেওয়া হয়। আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন। এর আগে ভোর ৫টার দিকে উপজেলার কাঁকড়ামারী পাতির বিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত পাখি শিকারিরা হলেন, নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট গ্রামের মৃত সোবহান মোল্লার ছেলে আবু বকর সিদ্দিক (৫৫) ও তার ছেলে ফিরোজ হোসেন (৩২)। চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম জানান, বুধবার ভোর ৫ টার দিকে সাব-ইন্সপেক্টর তাসিম আলীর নেতৃত্বে থাকা পুলিশের একটি টহলদল পাতির বিল সংলগ্ন কাঁকড়ামারী বাজার এলাকায় অবস্থান করছিল। এসময় ওই দুই পাখি শিকারিকে বস্তা নিয়ে ঘুরাঘুরি করতে দেখে তাদের তল্লাশি করা হয়। এ সময় বস্তা থেকে জবাই করা প্রায় ৬০০ মৃত চড়ুই পাখি ও জালের ফাঁদ উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই শিকারি বলেছে তারা নাটোর থেকে এসে উপজেলার বিভিন্ন ফসলের ক্ষেতে জালের ফাঁদ পেতে পাখি শিকার করতো। সেই পাখি জবাই করে বস্তায় ভরে নিয়ে গিয়ে নাটোরের বিভিন্ন এলাকায় ২০ টাকা পিচ দরে বিক্রি করতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ২৬ ধারা অনুযায়ী দুই পাখি শিকারির উভয়কেই এক হাজার টাকা জরিমানাসহ এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীর চারঘাটে প্রায় ৬০০ মৃত চড়ুই পাখি উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- ১৬৫
Tag :
সর্বাধিক পঠিত


























