রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ চিকিৎসার সকল ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছে। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে যেসব দাবি উত্থাপন করেছে সে বিষয়ে উপাচার্য সংবেদনশীল। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে মতিহার থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বাদি হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন।
আরও বলা হয়, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এলাকাবাসী। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার একপর্যায়ে পুলিশের রাবার বুলেট নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এলাকাবাসী ও পুলিশ সদস্যের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মর্মাহত। বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী বিনোদপুর ও আশেপাশের মেসে অবস্থান করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তৎপর আছে। মেস মালিক ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের শান্ত থাকতে এবং সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষ মনে করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। অতীতে এরকম পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভূমিকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যের অংশ হয়ে আছে।

নিজস্ব প্রতিবেদক: 
























