তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১১৭ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ জয়ের জন্য টাইগারদের চাই ১১৮ রান।
সিরিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসানরা জয় তুলে নেয়। তাই এই ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলে টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
কিন্তু পরের ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে মাত্র ৬৭ রান। শেষ ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ২৫ রান।
স্বাগতিকদের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় নেন ৪ উইকেট। টি-টোয়েন্টিতে এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
ইংলিশদের ব্যাটিংয়ে বাঁহাতি আধিক্য দেখে সাকিব এ ম্যাচে অফ স্পিনারদের ব্যবহার করেছেন বেশি। বাঁহাতি স্পিনার নাসুমকে যেমন মাত্র ১ ওভার বল করিয়েছেন। নিজেও এক ওভার কম, অর্থাৎ তিন ওভার বল করেছেন। বদলে আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্ত অফ স্পিন করেছেন ১ ওভার করে।
কৃতিত্ব দিতে হবে পেসারদেরকেও। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ শুরুর দিকেই উইকেট উপহার দিয়েছেন। শেষ দিকে সাফল্য পেয়েছেন মোস্তাফিজুর রহমানও।
মিরাজের চার উইকেট ছাড়াও সাকিব, তাসকিন, মোস্তাফিজ ও হাসানের নামের পাশে ১টি করে উইকেট।
ইনিংসের শেষ বলে জফরা আর্চারের রান আউট হওয়ার মধ্য দিয়ে অল আউট হয় ইংল্যান্ড। দলটির পক্ষে সর্বোচ্চ ২৮ রান এসেছে বেন ডাকেটের ব্যাট থেকে। ওপেনার ফিল সল্ট করেন ১৯ বলে ২৫ রান।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে। আগামী মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 




















