গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।ভর্তি পরীক্ষা নেয়া হতে পারে আগামী জুন মাসে।
নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রীয় কমিটিসহ ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে।সোমবার(১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।এছাড়া জুন মাসে ভর্তি পরীক্ষা নেয়া হতে পারে বলে জানিয়েছে নবগঠিত ভর্তি কমিটি।
বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহবায়ক, রেজিস্ট্রারকে সদস্য সচিব ও ট্রেজারারসহ বাকি ৬ ডীনকে সদস্য করে ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি’ গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান জানান, মোট তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর সমন্বয়ে ‘এ’ ইউনিট। কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইনস্টিটিউটের সমন্বয়ে ‘বি’ ইউনিট। বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগগুলোর সমন্বয়ে‘সি’ ইউনিট গঠন করা হয়েছে।
প্রতিটি ইউনিটের ডিন এবং বিভাগীয় চেয়্যারমানরা থাকবেন ইউনিটভিত্তিক উপকমিটিতে।
রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান আরো জানান, ইউনিটভিত্তিক আবেদন করার যোগ্যতা, আবেদন ফি নির্ধারণের বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির নিকট শীগ্রই প্রস্তাব পেশ করা হবে। এছাড়া ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা প্রণয়নপূর্বক কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদনের জন্য পেশ করা হবে।

নিজস্ব প্রতিবেদক: 
























