ব্যাটিংবান্ধব ওভালে অস্ট্রেলিয়ার ক্যাচড্রপের সুযোগ কাজে লাগিয়ে বড় স্কোর গড়তে পারেনি ইংল্যান্ড। একপর্যায়ে ১৮৩/৩ এ পৌছেও প্রথম ইনিংসে শেষপর্যন্ত ২৮৪ রানে গুটিয়ে গেছে।
জবাবে প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৬১। ২২২ রানে পিছিয়ে আছে তারা।
সিরিজ হার এড়ানোর লড়াইয়ে প্রথম দিনে আরেকটি বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ব্যাটিংয়ের সময় কুঁচকিতে চোট পান মইন। নিজের সম্ভাব্য শেষ টেস্ট খেলতে নামা অভিজ্ঞ এই অফ স্পিনিং অলরাউন্ডার শেষ সেশনে ফিল্ডিং করেননি। বোলিংয়ে তার অনুপস্থিতি দলটির জন্য হতে পারে দুর্ভাবনার কারণ।
ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে ও বেন স্টোকসের নেতৃত্বে প্রিয় হয়ে ওঠা কৌশলেই প্রায় পুরোটা সময় ব্যাট করে ব্যাটিংয়ে আমন্ত্রিত ইংল্যান্ড। তারা রান তুলেছে ৫.১৭ ওভারপ্রতি। গত বছরের জুন থেকে টেস্টে মোট ৫০ বা এর বেশি ওভারে পাঁচের বেশি রান তোলার নজির হলো ১৩টি, এর ১২টি ইংল্যান্ডের! অন্যটি বাংলাদেশ। সর্বোচ্চ ৮৫ রান করেন হ্যারি ব্রুক ৯১ বলে, ১১ চার ও দুই ছক্কায়। নেন ডাকেট করেন ৪১। ক্রিস ওকস ৩৬ বলে চারটি চার ও এক ছক্কায় করেন ৩৬ রান।
৮২ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার স্টার্ক। দুটি করে উইকেট নেন মার্ফি ও জশ হেইজেলউড।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৪.৪ ওভারে ২৮৩ (ক্রলি ২২, ডাকেট ৪১, মইন ৩৪. রুট ৫, ব্রুক ৮৫, স্টোকস ৩, বেয়ারস্টো ৪, ওকস ৩৬, উড ২৮, ব্রড ৭, অ্যান্ডারসন ০*, স্টার্ক ১৪.৪-১-৮২-৪, হেইজেলউড ১৩-০-৫৪-২, কামিন্স ১৩-২-৬৬-১, মার্শ ৮-০-৪৩-১, মার্ফি ৬-০-২২-২)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৫ ওভারে ৬১/১ (খাওয়াজা ২৬*, ওয়ার্ন ২৪, লাবুশেন ২*; ব্রড ৮-২-১৩-০, অ্যান্ডারসন ৭-২-২১-০, উড ৫-১-১০-০, ওকস ৫-৩-৮-১)

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























