লিওনেল মেসি ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর ৮ ম্যাচ খেলে ফেলেছেন। তবে এর কোনোটিই মেজর লিগ সকারের ম্যাচ নয়।
মেসি যোগ দেওয়ার পর বাংলাদেশ সময় আগামীকাল ভোরে প্রথম লিগ ম্যাচ খেলবে মায়ামি। প্রতিপক্ষ নিউ ইয়র্ক রেড বুলস। এ ম্যাচ দিয়ে মেসিরও অভিষেক হওয়ার কথা যুক্তরাষ্ট্রের ফুটবল লিগটিতে। তবে এই মুহূর্তে যা দৃশ্যপট তাতে আর্জেন্টাইন তারকার মেজর লিগে অভিষেক পেছাতেও পারে।
মায়ামি কোচ জেরার্দো মার্তিনো শুক্রবার সংবাদ সম্মেলনে মেসির টানা ম্যাচ খেলা নিয়ে কথা বলেছেন। মেসিকে যে সামনে বিশ্রাম দেওয়া হবে, এটা স্পষ্ট ছিল তার কথা। এমনকি মেসির এই বিশ্রাম নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে আগামীকাল সকালের ম্যাচেও হতে পারে।
মেসিকে নিয়ে আর্জেন্টাইন কোচ মার্তিনো বলেন, ‘আজ (শুক্রবার) বিকেলের অনুশীলনের পর আমরা আরও মূল্যায়ন করব। আমরা যে তাকে কিছু সময় পাবো না, এটা অনিবার্য বিষয়। আমি এটা বুঝতে পারছি যে পুরো বিশ্ব তাকে মাঠে দেখতে চায়, এটা মানতেই হবে। কিন্তু আমি এর ওপর ভিত্তি করে কাজ করতে পারি না। কারণ, তখন আমার ভুল করার ঝুঁকি থাকবে।’
মায়ামির হয়ে মেসি এরই মধ্যে লিগস কাপের শিরোপা জিতেছেন। দলকে তুলেছেন ইউএস ওপেন কাপের ফাইনালেও। ৮ ম্যাচে করেছেন ১০ গোল।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























