জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।ওই ছাত্রীর নাম কাজী সামিতা আশকা (নেহা)। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরিভাবে ভর্তির জন্য রেফার্ড করেন বলে জানান আশকার সহপাঠী নাফিস ইকবাল।
নাফিস ইকবাল বলেন, খবর পেয়ে আমরা কয়েকজন আমবাগানে আশকার বাসায় যাই। পরে কক্ষের দরজা ভেঙে রিকশায় করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিই। চিকিৎসা কেন্দ্রে কর্তব্যরত ডাক্তাররা আশকাকে এনাম মেডিকেলে নিয়ে যেতে বলে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশকাকে মৃত ঘোষণা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান ডা. মো. শামছুর রহমান বলেন, রাত ৯ টার দিকে আশকার সহপাঠীরা তাকে চিকিৎসা কেন্দ্রে আনে। তখন তার কোনো নিঃশ্বাস ছিল না। সঙ্গে সঙ্গে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেছে বলে শুনেছি। আমার কাছে মনে হচ্ছে, হাসপাতালে নেওয়ার আগেই আশকার মৃত্যু হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























