পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বাস চালককে হেনস্তার প্রতিবাদে পাবনা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়ক দিয়ে পাবিপ্রবির একটি বাস যাচ্ছিল। এসময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় ধক্কা দেয় বাসটি। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্থ হয়। এ সময় সড়কের পাশে থাকা পান্তুয়া সুইটসের ম্যানজোর নাজির উদ্দিন জ্যাকিসহ আশপাশের লোকজন বিশ্ববিদ্যালয়ের বাস আটকিয়ে অটোরিকশার ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা জরিমানা করেন। সেসময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস শহর দিয়ে যাওয়ার সময় আগের দিনের ঘটনার প্রতিবাদে ওই মিষ্টির দোকানের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তারা ঘটনার বিচার দাবি করেন। এসময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের খবর জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় সেখানে আসেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর থানার ওসি কৃপা সিন্ধা বালা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু। তারা শিক্ষার্থী ও পান্তুয়া সুইটস কর্তৃৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তাদের মধ্যস্থতায় অভিযুক্ত ম্যানেজার নাজির উদ্দিন জ্যাকি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলে অবরোধ তুলেন নেন শিক্ষার্থীরা। তখন যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, শহরের প্রধান সড়ক দিয়ে বাস যাতায়াতের সময় আশপাশের দোকানদার ও অটোরিকশা চালকরা ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করে। পান্তুয়া সুইটস এর ম্যানেজার বিশ্ববিদ্যালয়ের বাস আটকিয়ে খারাপ আচরণ করেছেন। শিক্ষার্থীদের নিয়ে খারাপ মন্তব্য করেছেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘আগেরদিনের তুচ্ছ ঘটনায় আজকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন এবং পান্তুয়ার ম্যানেজারসহ কর্মচারীদের মারধর করেন। আমরা আপাতত বিষয়টি সমাধান করেছি এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাস শহরের প্রাণকেন্দ্রে দিয়ে যাতায়াত করায় মাঝেমধ্যেই এই সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বসবো।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্খিত। আমরা শিক্ষার্থী ও পান্তুয়া সুইটস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করেছি। বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন বসে আলোচনার মাধ্যমে বাস চলাচলের বিকল্প পথ খুঁজে বের করা যায় কি না সেই চেষ্টা করা হবে।’ এদিকে, ঘটনার পর অভিযুুক্ত ম্যানজোর নাজির উদ্দিন জ্যাকিকে বরখাস্ত করা হয়েছে বলে জানান পান্তুয়া সুইটস এর মালিক মাহমুদুন নবী। তিনি বলেন, ‘আমার দোকানের কর্মচারী হয়ে তিনি কেন বাইরের বিষয় নিয়ে কথা বলতে যাবেন। সেটা তো তার দায়িত্ব ছিল না। এতে আমার দোকানের সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি তাকে বরখাস্ত করেছি।’
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পাবিপ্রবির বাস চালককে হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- ১১৫
Tag :
সর্বাধিক পঠিত



























