এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে পাবনায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের আট নেতাকর্মী গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের মাসুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত নেতাকর্মী ও পুলিশ জানায়, সম্প্রতি পাবনা মহিলা কলেজের সামনে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান এবং পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। শনিবার রাত ১০টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান তার সমর্থকদের নিয়ে বাস টার্মিনাল এলাকা থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে মাসুম বাজারে পৌঁছামাত্র তাদের ওপর গুলিবর্ষণ শুরু হয় বলে অভিযোগ। এতে আটজন গুলিবিদ্ধ ও তিনজন ছুরিকাঘাতে আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছাত্রলীগকর্মী সজিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। ঘটনার পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। আহতদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রাফি, আরাফাত, মিলন, রিহাব, আকাশ, সজিব, শান্ত, রঞ্জু, তানজীদ। এরা সবাই মেহেদী হাসানের সমর্থক ও ছাত্রলীগের কর্মী। মেহেদী হাসান জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ এবং ইফতে আরাফাত সিফাত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাফিউল ইসলাম সীমান্তের অনুসারী হিসেবে পরিচিত। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মেহেদী হাসান লোকজন নিয়ে জেলা আওয়ামী লীগ অফিসে যাওয়ার সময় সিফাত গ্রুপের লোকজন গুলি করে। এতে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান বলেন, ‘শনিবার রাত ১০টা থেকে সোয়া ১০টার দিকে পার্টি অফিসে যাওয়ার সময় সিফাত তার লোকজন নিয়ে আমাদের মোটরসাইকেল বহরের ওপর গুলিবর্ষণ করেছে। এতে আমার পক্ষের লোকজন গুলিবিদ্ধ ও ছুরিকাহত হয়েছে।’ বিষয়টি অস্বীকার করে পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত বলেন, ‘আমি আমার অফিসের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলাম। এ সময় হঠাৎ ২০-৩০ জন লোক নিয়ে মেহেদী আমার ওপর হামলা করে গুলি করে। এতে আমি কোনোমতে প্রাণে রক্ষা পেয়েছি।’
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পাবনায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের ৮ নেতাকর্মী গুলিবিদ্ধ
-
পাবনা প্রতিনিধি - প্রকাশিত সময় : ০৪:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- ৮৪
Tag :
সর্বাধিক পঠিত



























