চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার অস্ত্র উদ্ধার সহ এক কিশোরকে আটক করে ৫৯ বিজিবি।
আটক কিশোর জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার সোনাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে শিহাব (২০)।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন হেড কোয়াটারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে শনিবার (২৮ অক্টোবর) সোনামসজিদ বিওপির নায়েক মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি চৌকষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/এমপি হতে ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের রাস্তার উপর যানবাহন তল্লাশী চালায়।
এ সময় একটি ভ্যান গাড়িতে থাকা কিশোর শিহাব বিজিবি দলকে দেখে দ্রুত পালানোর চেষ্টা করলে সন্ধ্যা সাড়ে ৬ টায় বিজিবি দল ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ভেতরে থাকা বইয়ের পকতা কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।
উদ্ধারকৃত বিদেশী অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সহ আসামী শিহাবকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























