চলমান অবরোধে নাশকতার জন্য রাখা ৫ টি অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি থেকে ককটেলগুলো উদ্ধার করে র্যাব-৫। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি র্যাব।
এ বিষয়ে বুধবার সকালে র্যাব-৫ কোম্পানী কমান্ডারের কার্যালয় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান রাজনৈতিক সহিংসতায় দুস্কৃতি ও নাশকতাকারী সন্ত্রাসীদের সন্ত্রাসমূলক কর্মকান্ডের গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মঙ্গলবার দিবাগত গভীর রাত ১ টায় বুধবার (৮ নভেম্বর) জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর কুথানীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় মৃত বিশারত আলীর ছেলে বাদলের (৪৫) বাড়ির পেছনে একটি সিমেন্টের ব্যাগে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট রাজশাহীর মাধ্যমে ৫ টি অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত বোম সদৃশ ককটেলগুলো জিডি মূলে নবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অধিনায়ক।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























