দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা গণবিরোধী’ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ‘র্যালি ও কালো পতাকা মিছিল’ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংগঠনটির সদস্য অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় এবারও গণবিরোধী তফসিল ঘোষণা করা হয়েছে। সেই ভোটবিহীন রাতের ও প্রহসনের নির্বাচনের মতো সরকার আরেকটি নির্বাচন করতে চাচ্ছে। এর মধ্য দিয়ে দেশকে একটি ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছেন তারা।’
নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তাতে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই-জাহান বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে সকলের মতামত ও ভোটাধিকার প্রয়োগের অধিকার আছে। কিন্তু নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে এবং সরকার যে নির্বাচন করতে চাচ্ছে তা সকলের মতামত ও ভোটাধিকারকে ক্ষুণ্ণ করেছে। সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেই তারা এখানে দাঁড়িয়েছেন।’
সমাবেশে পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে এখানে দাঁড়িয়েছি। এছাড়া হঠাৎ করে কোনো সংলাপ না করে নির্বাচন কমিশন একটি ফরমায়েশি তফসিল ঘোষণা করেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা কালো পতাকা মিছিল করেছি। আমরা চাই, নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে
সভাপতিত্ব করেন সভাপতি অধ্যাপক এনামুল হক। এসময় পরিষদের বিভিন্ন নেতাকর্মীসহ অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

রিপোর্টারের নাম 






















