আজ সিলেট যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তিনি। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে আজ সকাল থেকে সিলেটের বিভিন্ন রুটে চারটি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশে রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ রুটে ২ জোড়া, মনতলা-সিলেট-মনতলা এবং সিলেট-বরমচাল-কুলাউড়া-সিলেট রুটে এক জোড়া করে মোট ৪ জোড়া স্পেশাল ট্রেন যাওয়া-আসা করবে। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিশেষ ট্রেন সার্ভিসের অনুমোদন দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের তথ্য মতে, স্পেশাল-১ ট্রেনটি শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ রুটে যাওয়া-আসা করবে। ১১৯ কিলোমিটার দূরত্বের এ রুটে ১০টি কোচ দিয়ে বিশেষ ট্রেন উভয়পথে যাত্রী পরিবহন করবে। এ রুটে দ্বিতীয় শ্রেণিতে জনপ্রতি ভাড়া ৭০ টাকা ও শোভন চেয়ারে ভাড়া ১১৫ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া, পার্সেল ভাড়া রাখা হয়েছে প্রতি কেজি ১ টাকা ৩৭ পয়সা।
স্পেশাল-২ ট্রেনটি একই রুটে (শায়েস্তাগঞ্জ-সিলেট-শায়েস্তাগঞ্জ) সমাবেশের যাত্রী পরিবহন করবে। ১০ কোচের ট্রেনটিতে সুলভ (২য় শ্রেণি), শোভন, শোভন চেয়ার ছাড়াও প্রথম শ্রেণির কোচ সংযোজন করা হয়েছে। রেকপ্রতি ৪৭ হাজার ১৪১ টাকা ও ১০ শতাংশ নন স্টপ চার্জ ২ হাজার ৮৭৪ টাকা ধরে দুই ট্রিপে মোট ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৩০ টাকা।
স্পেশাল-৩ রুটে মনতলা-সিলেট-মনতলা রুটের ১৫০ কিলোমিটার দূরত্বে ১০টি কোচ সম্বলিত একজোড়া ট্রেন চলাচল করবে। এই রুটে সুলভ (২য় শ্রেণি) ৮৫ টাকা, শোভন ১৪০ টাকা, শোভন চেয়ার ১৬৫ টাকা এবং প্রথম শ্রেণিতে (১৫ শতাংশ ভ্যাটসহ) ২৫৩ টাকা জনপ্রতি ভাড়া ধরা হয়েছে। পার্সেল প্রতি কেজি ভাড়া ধরা হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। প্রতি ট্রিপে (আপ ও ডাউন) রেক প্রতি ভাড়া ৬৪ হাজার ৯০৬ টাকা ও ১০ শতাংশ নন স্টপ চার্জ ৪ হাজার ৮৩৪ টাকা ধরে দুই ট্রিপে ট্রেনের মোট ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা।
অপর দিকে, সিলেট-বরমচাল-কুলাউড়া-সিলেট রুটের স্পেশাল-৪ ট্রেনটি ২৯ কিলোমিটার দূরত্বের পথে যাত্রী পরিবহন করবে। ১০টি কোচ সম্বলিত একজোড়া ট্রেনের সুলভ (২য় শ্রেণির) ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ৩৫ টাকা এবং পার্সেল কেজি প্রতি ৯০ পয়সা। উভয় পথে (আপ ও ডাউন) স্পেশাল-৪ ট্রেনের মোট ভাড়া ধরা হয়েছে ৪১ হাজার ১৬০ টাকা। সব মিলিয়ে সিলেটে প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে রেলের পরিচালিত ৪ জোড়া ট্রেনে ভাড়া আদায় হবে ৪ লাখ ৪ হাজার ১৩৪ টাকা।

রিপোর্টারের নাম 
























