নাটোর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা ক্যাম্পে ককটেল বিস্ফোরণ এবং আরেকটি ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রথমে শহরের মাদ্রাসা মোড় এলাকার নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে একই রাতে পৌরসভা দক্ষিণ হাজরা নাটোর ক্যাম্পে দেওয়া আগুনে পুড়ে যায় টাঙানো পোস্টার ও তিরপল।
স্থানীয়রা জানান, স্থানীয় নৌকা সমর্থকরা গতকাল রাতে নির্বাচন ক্যাম্পিং শেষে বাড়ি যান। রাতের দিকে দুর্বৃত্তরা ক্যাম্পে আগুন দেয়। এ সময় ক্যাম্পে টাঙানো পোস্টার ও ক্যাম্পের চারিদিকে থাকা তিরপল পুড়ে যায়।
নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কর্মিশনার (ভূমি) জোবায়ের হাবিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাত ১১টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকার নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, আরেকটি ক্যাম্পে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা গণমাধ্যমকর্মীদের কাছ থেকে শুনেছেন। বিষয়টি তদন্তে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোর প্রতিনিধি 

























