প্রকাশিত সময় :
০৪:৪৪:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
১৫০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) সকালে প্রবাসীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মাসুদ রানা উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী ধর্মপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আবুবক্কর সিদ্দিকের একমাত্র ছেলে।
কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, দুবাই প্রবাসী মাসুদ এক মাস আগে বিয়ে করার জন্য বাড়িতে আসেন। গত এক সপ্তাহ আগে কুড়িগ্রাম জেলা সদরের খলিলগঞ্জ এলাকায় বিয়ে করেন তিনি। গত কয়েকদিন ধরে তার বাড়িতে বিয়ের আমেজ চলছিল। গতকাল রবিবার তার মা মনোয়ারা বেগম হঠাৎ অসুস্থ বোধ করলে মাসুদ চিকিৎসার জন্য তার মাকে কুড়িগ্রামে নিয়ে যান। নববিবাহিতা স্ত্রীও তাদের সঙ্গে কুড়িগ্রাম বাপের বাড়ি যান। ডাক্তার দেখানোর পর মাকে ছোট বোন এবং স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে নিজে বাড়িতে ফেরেন মাসুদ। রাতে তিনি একাই বাড়িতে ছিলেন। সোমবার সকালে বাড়ির কাজের লোকজন এসে মাসুদকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে উঠানের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে তার মা স্ত্রী ও শ্বশুর বাড়ির স্বজনরা আসে। এদিকে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে আজ সোমবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মাসুদ রানা প্রবাস থেকে আসার পর ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। হতাশার ছাপও ছিল তার চোখে মুখে। এ কারণে সবকিছু মিলিয়ে সে আত্মাহত্যা করে থাকতে পারেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এসআই দিপ্তর নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। লাশের সুরতহালের কাজ চলছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে