সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে গত ২১ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলছে অনলাইন ক্লাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শেষ কর্মদিবসে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় তা আগামী সপ্তাহেও চলমান থাকবে।
বৃহস্পতিবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার দেশ রূপান্তরকে বলেন, আজ কোনো সিদ্ধান্ত না হওয়ায় পূর্বের সিদ্ধান্তের আলোকে আগামী রবিবারও অনলাইন ক্লাসসমূহ চলমান থাকবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে রবিবার উপাচার্য মহোদয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। তারপর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় তাহলে সেটি আমরা নোটিশ দিয়ে জানিয়ে দেব। অন্যথায় অনলাইন ক্লাসই চলবে। সশরীরে ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের বাড়ি থেকে আসার সুবিধার্থে আমরা দুই একদিন সময় দেব।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আরেকটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে তাপমাত্রার যে পরিস্থিতি তাতে আগামী সপ্তাহ পুরোটাই অনলাইন ক্লাস চলমান থাকার সম্ভাবনাই বেশি।
এর আগে গত রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে প্রবাহমান তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে।অর্থাৎ পরীক্ষাগুলো সশরীরেই চলবে৷
কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে কিছু স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরা পরামর্শও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এগুলো হলো সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরিধান করা, যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা, বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা, বিশুদ্ধ পানি পান করা, প্রয়োজনে লবণযুক্ত তরল, যেমন খাবার স্যালাইন ইত্যাদি পান করা এবং তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয়, যেমন চা ও কফি পান থেকে বিরত থাকা।
এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর নতুন করে তাপ প্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করে বলেছে, দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশে চলতি মৌসুমে গত কয়েকদিন ধরে টানা তীব্র গরমের মধ্যে আজ চতুর্থ দফায় হিট অ্যালার্ট জারি করা হলো।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এখন প্রায় ৪৫টির মতো জেলার ওপর দিয়ে এই দাবদাহ বয়ে যাচ্ছে বিভিন্ন মাত্রায়। সংস্থাটি বলছে, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র ধরণের তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়বে।

রিপোর্টারের নাম 


















