জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮ রান করেছে সফরকারীরা
জিম্বাবুয়ের ব্যাটিংয়ে প্রথম ওভারেই আঘাত করেন তাসকিন আহমেদ। ব্রায়ান বেনেটকে তিনি শূন্য রানে ফেরান। এরপর জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে (১৭) বোল্ড করেন এই পেসার। আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে এলবি করে ১৪ রানে ফেরান সাকিব আল হাসান।
এর আগে প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা উড়ন্ত সূচনা পেলেও নাটকীয় ব্যাটিং ধসে দলীয় ১৪৩ রানে গুটিয়ে যায়। এদিন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতে ১১.২ ওভারে ১০১ রানে তোলে বাংলাদেশ। তবে এরপর দলীয় ৪২ রানের মধ্যেই ১০ উইকেট খোয়ায় স্বাগতিকরা।
আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজ।
ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার ধীরে খেললেও তানজিদ হাসান তামিম ছিলেন বেশ আক্রমণাত্মক। চার-ছক্কায় জিম্বাবুয়ে বোলারদের দিশেহারা করেন। এরপর হাত খোলেন সৌম্য। তাদের জুটি ১০১ রানে। তারা ইঙ্গিত দিচ্ছিলেন দলী বড় স্কোরের।
কিন্তু দুজনেই ৭ রানের ব্যবধানে লুক জঙ্গুয়ের বলে আউট হন। তানজিদ ৩৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫২ রান করেন। এই সিরিজেই অভিষেক হওয়ার পর এটি তার দ্বিতীয় ফিফটি। এলবি হওয়া সৌম্য ৩৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪১ করেন।
এরপরই শুরু হয় সেই নাটকীয় ব্যাটিং ধস। যেখানে তাওহিদ হৃদয় ১২ রান করলেও দলের আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। দীর্ঘদিন পর ফেরা সাকিব আল হাসান ব্যক্তিগত ১ রানে ব্রায়ান বেনেটের বলে বোল্ড হন। অধিনায়ক শান্তও একই বোলারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।
জঙ্গুয়ে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন। এছাড়া দুটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও বেনেট।
সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এসেছে। মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশে দুটি পরিবর্তন হয়েছে। দলে ফিরেছেন রায়ান বার্ল ও রিচার্ড এনগারাভা। দলে নেই জয়লর্ড গাম্বি ও ক্রেগ আরভিন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























