কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হওয়া আব্দুর রহমান (৪১) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পিঠে গুলিবিদ্ধ হয়েছিল। আজ বুধবার (৩১ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। নিহত রহমানের বাড়ি নরসিংদীর সদর উপজেলার দক্ষিণ চৌয়া গ্রামে। ১ ছেলে ও ৩ মেয়ের জনক তিনি। হাসপাতালে নিহতের শ্যালক হুমায়ুন কবির জানান, তার ভগ্নীপতি কৃষিকাজ করেন। গত ২০ জুলাই শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি পাচদোনা বাজারে যাচ্ছিলেন। বাজারে পৌঁছানোর আগে পাচদোনা মোড়ে রাস্তা পার হওয়ার সময় তার পিঠে একটি গুলি লাগে। গুলিটি পেট ফুরে বেরিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে ওইদিনই তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন। ভর্তি করা হয় আইসিইউতে। চিকিৎসাধীন আজ বুধবার সকালে তিনি মারা যান। তিনি জানান, আব্দুর রহমান কোনো আন্দোলনে ছিলেন না। বাজারে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম এই মানুষটি। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কোটা আন্দোলনে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- ৮২
Tag :
সর্বাধিক পঠিত






















